মোঃ সিরাজুল ইসলাম রনি:
“মারো ঠেলা হেঁইয়ো, শাবাশ জোয়ান হেঁইয়ো, আরও জোরে হেঁইয়ো—” এমন উচ্ছ্বসিত স্লোগানে মুখরিত হয়ে ওঠে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়ার ডাইনের নদী। উৎসবমুখর পরিবেশে সেখানে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী ভেলা বাইচ প্রতিযোগিতা।
বুধবার (২২ অক্টোবর) সকালে আওরাবুনিয়া সার্বজনীন কালী মন্দিরের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কলাগাছের ভেলা দিয়ে আয়োজিত এই ব্যতিক্রমী প্রতিযোগিতায় মোট ৬টি দল অংশ নেয়।
চূড়ান্ত পর্বে চৌধুরিহিস্যা দলের ভেলা প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় স্থান অধিকার করে সুবোত হাওলাদারের ভেলা দল, আর তৃতীয় স্থান লাভ করে শুশিল ঘরামীর ভেলা দল।
এই অনন্য ভেলা বাইচ প্রতিযোগিতা দেখতে নদীর তীরে, নৌকায় ও ব্রিজের ওপর দাঁড়িয়ে উপচে পড়া ভিড় জমায় হাজারো দর্শক—শিশু, কিশোর, যুবক থেকে শুরু করে নারী-পুরুষ সবাই। পুরো এলাকা পরিণত হয় এক প্রাণবন্ত উৎসবের মাঠে।
আয়োজক কমিটির সদস্যরা জানান, প্রতিবছর কালীপূজা উপলক্ষে স্থানীয়দের বিনোদন ও আনন্দ দেওয়ার লক্ষ্যেই এই ভেলা বাইচের আয়োজন করা হয়। আশপাশের গ্রামের তরুণরা উৎসাহ-উদ্দীপনা নিয়ে এতে অংশ নেন।

