হোসেন হাওলাদার,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
“শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা” – এ প্রতিপাদ্যকে সামনে রেখে টঙ্গীবাড়ীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।
উপজেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট কারিমা বেগমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক লুৎফর রহমান, উপজেলা আনসার কমান্ডার হারুন অর রশিদসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আয়োজকরা জানান, এ অভিযানের আওতায় উপজেলা কার্যালয়ের পাশাপাশি টঙ্গীবাড়ীর ১৩টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গাছ রোপণ করা হবে। ইতোমধ্যে পলাশপুর, আড়িয়লসহ বেশ কয়েকটি গ্রামে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়েছে।

