আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা মিতুরা ইউনিয়নের বেতিলা রামদিয়া গ্রামে শনিবার বাদ এশা প্রায় দুই শতাধিক বিএনপি নেতা ও কর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
জামায়াতে ইসলামী, মানিকগঞ্জ-৩ আসনের মনোনীত সংসদীয় প্রার্থী অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসাইনের কাছে ফুলের তোরা দিয়ে তারা যোগদান করেন। যোগদানকারীদের নেতৃত্ব দেন বেতিলা মিতুরা ইউনিয়ন বিএনপি সেক্রেটারি মোঃ ইদ্রিস আলী ও মোঃ চান মিয়া।
ইদ্রিস আলী যোগদানের সময় বলেন, “আমি ছোট থেকেই বিএনপির সঙ্গে ছিলাম। দলকে ব্যক্তিগতভাবে অর্থায়নও করেছি, সুখ-দুঃখে দলের পাশে থেকেছি। কিন্তু নেতাদের মধ্যে গ্রুপিং, চাঁদাবাজি, জমি দখল, মারামারি—এই সমস্ত অনৈতিক কর্মকাণ্ড দেখে আমরা আর এই আদর্শ থেকে কোনো শিক্ষা পাইনি। এজন্য আমি ও আমার অনেকে জামায়াত ইসলামীতে যোগ দিচ্ছি।”
তিনি আরও বলেন, “আমরা মানুষের মতোই বাঁচতে ও মরতে চাই—আল্লাহর পথে। যারা কোরআন-সুন্নাহর নির্দেশ অনুযায়ী দেশ পরিচালনা করতে চান এবং দেশের সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি ও হানাহানি থেকে মুক্ত করে শান্তিপূর্ণ রাষ্ট্র গড়তে চান, তাদের আদর্শ জেগে ওঠায় আমরা জামায়াত ইসলামীকে বেছে নিয়েছি।”
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য নেতারা ও যোগদানকারীরা সন্ত্রাস, দুর্নীতি ও অনৈতিক রাজনীতির বিরুদ্ধে দেশকে সচল ও শান্তিপূর্ণ রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

