মনিরুল ইসলাম, নাটোর প্রতিনিধি :
নাটোরের নলডাঙ্গায় ভেজাল বীজ ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। এ সময় তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (২৯ অক্টোবর) জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মো. রাকিবুল হাসান এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মো. সাজ্জাদ হোসাইন, মো. নাহিদুল ইসলাম এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান উপস্থিত ছিলেন।
অভিযানে—
সেলিম বীজ ভান্ডারকে মেয়াদোত্তীর্ণ বীজ সংরক্ষণের দায়ে ৫,০০০ টাকা,
আরপি ভ্যারাইটি স্টোরকে মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুদ রাখার কারণে ১০,০০০ টাকা এবং
রবিউল বীজ ভান্ডারকে স্থানীয় জাতের ধান ‘সুবর্ণ লতা’ ভেজাল নামে বিক্রির অভিযোগে ২০,০০০ টাকা জরিমানা করা হয়।
কৃষি বিভাগ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, কৃষিপণ্যের মান বজায় রাখতে এবং কৃষকদের সুরক্ষা দিতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

