মিজানুর রহমান শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের ডামুড্যায় অটোরিকশার ইলেকট্রিক মোটরে ওড়না পেঁচিয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে নাসিমা বেগম (৩২) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুতুবপুর এলাকার ডামুড্যা-শরীয়তপুর সদর সড়কে এ দুর্ঘটনা হয়।
নাসিমা বেগম উপজেলার দাইমি চর ভয়রা এলাকার আসাদ হাওলাদারের স্ত্রী। তিনি ঢাকায় পোশাক শ্রমিক হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকালে ডামুড্যা দাইমি চর ভয়রা এলাকা থেকে ঢাকার উদ্দেশে অটোরিকশায় করে ছেলেকে নিয়ে শরীয়তপুর সদরে যাচ্ছিলেন নাসিমা। পথে কুতুবপুর এলাকায় পৌঁছলে নাসিমার শরীরে থাকা ওড়না অটোরিকশার পেছনের মোটরে পেঁচিয়ে দেহ থেকে মাথা আলাদা হয়ে অটোরিকশার ভেতরে পরে যায়। এ ঘটনা দেখে নাসিমার ৯ বছরের ছেলে আয়ন অজ্ঞান হয়ে যায়। আর অন্য যাত্রীরা হতভম্ব হয়ে পড়ে।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, ‘গতকাল রোববার নাসিমার ছেলের আকিকার অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান শেষ করে সোমবার সকালে ছেলেকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন তিনি। অটোরিকশায় ডামুড্যা থেকে শরীয়তপুর সদরে যাওয়ার পথে মোটরে ওড়না পেঁচিয়ে দেহ থেকে মাথা আলাদা হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই নারীর।’ ওসি আরও বলেন, ‘আমরা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছি। বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলমান।’

