মোঃ শাহজালাল , বরগুনা:
রাজনৈতিক সহাবস্থান, অংশগ্রহণমূলক গণতন্ত্র এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে একটি গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠক। বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজ, গণমাধ্যম এবং শিক্ষার্থীদের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই বৈঠকে রাজনৈতিক সম্প্রীতি ও সমন্বয় বৃদ্ধির বিষয়টি প্রধান আলোচ্য বিষয় হয়ে ওঠে।
বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৪টায় মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম, বরগুনা জেলা কমিটির আয়োজনে গোলটেবিল বৈঠকটি অনুষ্ঠিত হয়। গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক ও ফোরামের সভাপতি চিত্তরঞ্জন শীল।
বৈঠকে বক্তারা বলেন, সুস্থ রাজনৈতিক পরিবেশ তৈরিতে পারস্পরিক সম্মান, সহনশীলতা এবং নিয়মিত সংলাপই হতে পারে রাজনৈতিক স্থিতিশীলতার মূল ভিত্তি।
বক্তারা সামাজিক বৈষম্য দূরীকরণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অংশগ্রহণমূলক জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করাকে সময়ের দাবি বলে উল্লেখ করেন। তারা বলেন, ন্যায়সংগত ও শান্তিপূর্ণ রাজনৈতিক ব্যবস্থা গড়তে জবাবদিহিমূলক এবং অন্তর্ভুক্তিমূলক রাজনীতি অপরিহার্য। এজন্য সকল দলের মধ্যে সহনশীলতা এবং সহযোগিতার মনোভাব বজায় রাখা জরুরি।
গোলটেবিল বৈঠকে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির এস. এম. আফজাল রহমান, জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, ইসলামী আন্দোলন বরগুনা জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুস শাকুর, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি রঞ্জুয়ারা শিপু, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বরিশাল বিভাগীয় উপপরিচালক দিপু হাফিজুর রহমান, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, সুজন–সুশাসনের জন্য নাগরিক বরগুনা জেলা কমিটির সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কাদের, বীর মুক্তিযোদ্ধা সুকর রঞ্জন শীল, বিএমএসএফ বরগুনা জেলা সভাপতি জাহাঙ্গীর কবীর মৃধা, প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সভাপতি মো. হাফিজুর রহমান এবং বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম হায়দার স্বপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বৈঠকে অংশগ্রহণকারীরা বলেন, সুস্থ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন করতে রাজনৈতিক দলের পাশাপাশি নাগরিক সমাজেরও দায়িত্ব রয়েছে। বক্তারা প্রত্যাশা ব্যক্ত করেন, রাজনৈতিক সহাবস্থান ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ জোরদারে এই আলোচনা ভবিষ্যতের জাতীয় উদ্যোগগুলোকে আরও কার্যকর করে তুলবে।

