কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় মজিবর রহমান (৪০) নামের এক ট্রলি চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।১৯ নভেম্বর বুধবার বিকেলে সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুণ্টিঘর নামক দুর্ঘটনাপ্রবণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মজিবর রহমান উপজেলার বাগভান্ডার গ্রামের আফসার উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোনাহাট স্থলবন্দর থেকে পাথরবোঝাই দ্রুতগতির একটি তিনচাকার ট্রলি ঘুণ্টিঘর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রলিটি উল্টে গেলে পাথরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন মজিবর। মোটরসাইকেল আরোহী অক্ষত থাকলেও স্থানীয়রা পাথর সরিয়ে গুরুতর আহত মজিবরকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ জানান, নিহতের পরিবার কোনো অভিযোগ না করায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সোনাহাট সড়কের ঘুণ্টিঘর অংশটি দীর্ঘদিন ধরেই ‘মৃত্যুফাঁদ’ হিসেবে পরিচিত। তাদের দাবি, এ স্পটে প্রায় প্রতিমাসেই একজনের প্রাণহানি ঘটে। শুধু গত তিন মাসে দু’জন শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। স্পিডব্রেকার নির্মাণ ও প্রয়োজনীয় সড়ক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবিতে একাধিকবার মানববন্ধন করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তারা আশঙ্কা করেন, জরুরি ব্যবস্থা না নিলে ভবিষ্যতে দুর্ঘটনা আরও বাড়তে পারে।

