swadhinshomoy
29th Nov 2025 1:55 pm | অনলাইন সংস্করণ Print
স্টাফ রিপোর্টার বগুড়াঃ
বগুড়ার শাজাহানপুর উপজেলায় এক হৃদয়বিদারক হত্যাকাণ্ডের ঘটনায় মা ও দুই শিশু সন্তানকে হত্যা করা হয়েছে। ২৫ নভেম্বর বেলা সারে ১১টার দিকে শাজাহানপুর থানার খলিশাকান্দি দহপাড়া এলাকায় সৈনিক মোঃ শাহাদৎ হোসেন ওরফে কাজল (২৭)-এর ঘরের শয়নকক্ষ থেকে তিনজনের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন— সাদিয়া মোস্তারিন (২২), তার মেয়ে সাইফা (৩ বছর) এবং ৭ মাস বয়সী ছেলে সাইফ। পরিবারের লোকজন ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ জানায়, ২৪ নভেম্বর সন্ধ্যা থেকে ২৫ নভেম্বর সকাল—এই সময়ের মধ্যে যে কোন সময়ে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বগুড়া জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হোসাইন মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর (পিপিএম) এবং শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম। এসআই (নিঃ) মোঃ গোলাম মোস্তফা তিনটি লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।
হত্যার পর থেকে সন্দেহের কেন্দ্রে থাকা নিহত সাদিয়ার স্বামী সৈনিক শাহাদৎ হোসেনকে স্থানীয়দের উত্তেজনা ও নিরাপত্তাজনিত কারণে ২৫ নভেম্বর রাতে শাজাহানপুর থানায় জিডি নং–১৮৯৭ এর মাধ্যমে হেফাজতে নেয় পুলিশ। জানা গেছে, তিনি ২০ নভেম্বর ময়মনসিংহ সেনানিবাস থেকে ৭ দিনের ছুটিতে বাড়ি আসেন এবং ছুটিকালেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
পরবর্তীতে নিহত সাদিয়ার মা মোছাঃ রাবেয়া সুলতানা (৪০) বাদী হয়ে তার জামাতা শাহাদৎ হোসেনকে প্রধান আসামি ও অজ্ঞাতনামা ২/৩ জনকে সহযোগী আসামি করে মামলা দায়ের করেন। এ ঘটনায় শাজাহানপুর থানায় মামলা নং–৩৭, তারিখ ২৭/১১/২০২৫, ধারা ৩০২/৩৪ পেনাল কোড রুজু করা হয়েছে। সৈনিক শাহাদৎ হোসেনকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। বিষয়টি সম্পর্কে তার কর্মস্থল ময়মনসিংহ সেনানিবাস এবং নিকটবর্তী মাঝিড়া সেনানিবাসে অবহিত করেছে পুলিশ।
পুলিশ জানায়, তদন্ত চলছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এলাকায় বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

