সারোয়ার নেওয়াজ শামীম (হবিগন্জ) প্রতিনিধি:
হবিগঞ্জ এর চুনারুঘাটে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৪৫ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ টাকা বলে জানা গেছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহজিবাজার আর্মি ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে বুধবার (১৭ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টা ১০ মিনিট থেকে পরদিন বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ২টা ১০ মিনিট পর্যন্ত প্রায় ৬ ঘণ্টাব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের জোয়াল ভাঙ্গার বাসিন্দা পরমিরস্বর কর্মকার (৩০) ও দীলিপ তন্তবয় (২৩) কে ৪৫ কেজি গাঁজাসহ আটক করা হয়।
আটককৃতরা দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গাঁজা ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানের সময় তাদের সঙ্গে থাকা আরও দুইজন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
পরবর্তীতে আটককৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মাদক চক্রের মূল হোতা হিসেবে আব্দুল শহিদ (৬০) নামে এক ব্যক্তির নাম উঠে আসে। তিনি বর্তমানে গাঁজা ব্যবসার ‘গডফাদার’ হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় চুনারুঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য আটককৃত দুই আসামিকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন শাহজিবাজার আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার।চুনারুঘাট থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

