মোঃ রাকিব হাওলাদার
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টেলিভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (তারিখ) সকাল ১০টায় রাঙ্গাবালী প্রেসক্লাবের মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। পরে বৈশাখী টেলিভিশনের ২১ বছরে পদার্পণ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গাবালী সংবাদদাতা আবু তাহের হোসাইন। আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গাবালী প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক এম সোহেল, রাঙ্গাবালী থানার উপপরিদর্শক সোহেল রানা, পূর্ব চতলাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ওয়াসি উজ্জামান এবং কাউখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সালাম।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, বৈশাখী টেলিভিশন দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে দেশের মানুষের দুঃখ-দুর্দশা, সমস্যা ও সম্ভাবনা, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি এবং প্রাকৃতিক দুর্যোগসহ নানা বিষয় দায়িত্বশীলতার সঙ্গে তুলে ধরে আসছে। আগামীতেও এই গণমাধ্যমটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা বজায় রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন চতলাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল ইসলাম, এইচ. এম. হাসান, লিমন আনসারীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বক্তারা বৈশাখী টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

