প্রতিবেদক : আকাশ আচার্য্য, দিরাই উপজেলা প্রতিনিধি
দিরাই (সুনামগঞ্জ):
দিরাই পৌর শহরে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা, রাস্তায় মালামাল ফেলে জনচলাচলে বাধা সৃষ্টি এবং হকার উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং দিরাই পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক সনজীব সরকারের নেতৃত্বে শনিবার দিনব্যাপী পৌর শহরের থানা পয়েন্ট থেকে মধ্যবাজার, লঞ্চঘাট রোড ও আখড়া পয়েন্ট রোডে অভিযান পরিচালনা করা হয়।
উল্লেখ্য, এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিংয়ের মাধ্যমে ৫ ডিসেম্বরের মধ্যে স্বেচ্ছায় ফুটপাতের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য ব্যবসায়ী ও দখলদারদের অনুরোধ জানানো হয়। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও পরিস্থিতির কোনো পরিবর্তন না হওয়ায় পর্যায়ক্রমে একাধিক দফায় অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফুটপাতের ওপর অবৈধ স্থাপনা, ভাসমান দোকান, রাস্তার ওপর ফেলে রাখা কাটা গাছসহ বিভিন্ন প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। অভিযানে সার্বিক সহায়তা প্রদান করেন দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, দিরাই পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং দিরাই থানা পুলিশের একটি দল।
অভিযানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার বলেন,
“কোনো মালামাল যেন রাস্তায় না থাকে। দোকানের ভেতরেই মালামাল রেখে ব্যবসা পরিচালনা করতে হবে। জনদুর্ভোগ কমানো, যানজট নিরসন এবং পৌর শহরের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে।”
তিনি আরও বলেন, ভবিষ্যতে কেউ পুনরায় অবৈধভাবে ফুটপাত বা রাস্তা দখলের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় পথচারী মিজানুর রহমান, রায়হান উদ্দিন ও বিপ্লব দাস বলেন,
“ইউএনও সনজীব সরকার অত্যন্ত দৃঢ় ভূমিকা রাখছেন। কাউকে কোনো ছাড় দেওয়া হচ্ছে না। ধনী-গরিব নির্বিশেষে সব অবৈধ দখলদারদের মালামাল সরিয়ে নেওয়া হচ্ছে।”
ক্লিন দিরাই-এর আহ্বায়ক আব্দুল বাছিত সরদার বলেন,
“দিরাই পৌর শহরকে পরিচ্ছন্ন, যানজটমুক্ত ও বাসযোগ্য করতে উপজেলা প্রশাসনের এই অভিযান সময়োপযোগী ও প্রশংসনীয়।”

