মোঃ সুমন আলম, ধুনট,বগুড়া।
বগুড়ার ধুনটে ‘ডেভিল হান্ট-২’ অভিযানে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা পৃথক দুই মামলায় ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মোঃ হিরা (৩০) উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের শিহাব উদ্দিনের ছেলে ও ভান্ডারবাড়ী ইউনিয়ন যুবলীগের সক্রিয় কর্মী। অন্যজন মোঃ বিপুল মিয়া (২৪) কালেরপাড়া ইউনিয়নের রামনগর গ্রামের মো. মিলন মিয়ার ছেলে। তিনি কালেরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৯ ডিসেম্বর) রাতে ধুনট থানার উপ-পরিদর্শক,মোঃ ওসমান গণি ও উপ-পরিদর্শক,মোঃ মোস্তাফিজার রহমান সঙ্গীয় ফোর্স পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে হিরা ও বিপুলকে তাদের নিজ এলাকা থেকে গ্রেপ্তার করেন। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামীগন কে মঙ্গলবার (৩০শে ডিসেম্বর) আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

