নিজস্ব প্রতিবেদক
যশোরে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় একটি চোরাই মোটরসাইকেল ও মাস্টার চাবি উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার উত্তর সুতালড়ী গ্রামের তোফাজ্জেল মোল্লার ছেলে ৪ মামলার আসামি কুদরত মোল্লা , বাগেরহাট জেলার রামপাল উপজেলার বড় সন্নাসী গ্রামের মৃত ইসমাইল শেখের ছেলে ১১ মামলার আসামি ওহিদুল শেখ , বাগেরহাট সদর উপজেলার খাদ্দার গ্রামের মৃত ছামছু শেখের ছেলে ১৫ মামলার আসামি লিটন শেখ ওরফে মনিরুজ্জামান , মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার মন্ডলগাতী গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে ৬ মামলার আসামি লিটন মিয়া এবং নড়াইল জেলার সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত আব্দুল হালিম মিয়ার ছেলে প্রান্ত মিয়া।
ডিবি সূত্রে জানা যায়, গত বছরের ৫ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে চাঁচড়া চেকপোস্ট এলাকার একটি মার্কেটের ভিতরে একটি ইয়ামাহা মোটরসাইকেল রেখে মালিক পাশে যান। এ সময় মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক চঞ্চল হোসেন কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে ডিবি পুলিশ তদন্ত ও অভিযান শুরু করে।
ডিবির এসআই শেখ আবু হাসান ও এএসআই (নিঃ) মোঃ লাভলু হোসেন ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় প্রথমে শুক্রবার বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানাধীন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোর চক্রের সদস্য কুদরত মোল্লাকে গ্রেফতার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাগেরহাট জেলার রামপাল ও বাগেরহাট সদর থানার বিভিন্ন এলাকা এবং খুলনা জেলার রূপসা থানাধীন এলাকা থেকে চক্রের মূলহোতা ওহিদুল শেখ ও তার সহযোগী লিটন শেখ ওরফে মনিরুজ্জামান শেখকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে একটি চোরাই সুজুকী জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে জানান, চুরি করা মোটরসাইকেলটি বিক্রি করা হয়েছে। তাদের তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন মধুমতি টোল প্লাজার রাস্তা থেকে লিটন মিয়া ও প্রান্ত মিয়াকে আটক করা হয়।
ডিবি আরও জানায়, শনিবার বিকেলে আটককৃতদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

