কাঠালিয়া (ঝালকাঠি),
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ জানুয়ারি) সকালে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বিনাপানির দক্ষিণ বলতলা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম মোঃ রুহুল আমিন মুন্সী (৪৮)। তিনি একই গ্রামের বাসিন্দা আতাহার আলী মুন্সির বড় ছেলে।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা থেকে রুহুল আমিন মুন্সীকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে রোববার সকালে তার বাবা আতাহার আলী মুন্সি বাড়ির সামনের বাগানে একটি রেন্ডি গাছের সঙ্গে গলায় দড়ি পেঁচানো অবস্থায় ছেলের মরদেহ ঝুলতে দেখতে পান। এ সময় তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে এবং কাঠালিয়া থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে কাঠালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ আবু নাসের রায়হান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

