জয়পুরহাট প্রতিনিধি | মো. মাসুম রেজা
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পৌর এলাকার স্টেশন রোডে অবস্থিত মন্ডল জুয়েলার্সে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (৩ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে দোকানের তালা ভেঙে দুর্বৃত্তরা প্রায় ৩৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৬ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
দোকানটির মালিক মো. নুরুল ইসলাম (৩৫)। তিনি পাঁচবিবি উপজেলার দিবাকরপুর গ্রামের বাসিন্দা এবং পিতা মো. বোরহান উদ্দিন।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের বরাতে জানা যায়, ৭–৮ জন অজ্ঞাতনামা ডাকাত একটি সাদা রঙের মাইক্রোবাসে করে এসে দোকানের সামনে দায়িত্বরত নাইট গার্ড ভুট্টু (৫৪)-কে হাত বেঁধে ফেলে। পরে তারা দোকানের তালা কেটে ভেতরে প্রবেশ করে সিন্দুক ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিয়ে দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তারা পুলিশের টহল জোরদার ও প্রশাসনিক নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন। পাশাপাশি ডাকাতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার, চুরি হওয়া স্বর্ণ ও টাকা উদ্ধার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
ব্যবসায়ীরা আরও বলেন, বর্তমান পাঁচবিবি উপজেলা প্রশাসন দক্ষ ও সক্রিয়। তারা আশাবাদ ব্যক্ত করেন, প্রশাসন দ্রুত চুরি হওয়া মালামাল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে সক্ষম হবে।
ঘটনার খবর পেয়ে পাঁচবিবি উপজেলা প্রশাসন, পাঁচবিবি বণিক সমিতির সভাপতি ও সম্পাদকসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

