আহম্মেদুল কবির, কুড়িগ্রামঃ
২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সারা দেশে মোট ৮৮,২৭৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন। বিপরীতে মোট আসন সংখ্যা ৩,৭০১টি। এর মধ্যে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে আবেদন করেছেন ৭,৬৫০ জন, যা নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় সর্বাধিক।
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে এবার ৩টি উপ-কেন্দ্রসহ মোট ৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা হলো— কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় (মূল কেন্দ্র): ৪০০ জন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, কুড়িগ্রাম (উপ-কেন্দ্র): ৬০০ জন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (উপ-কেন্দ্র): ৩,০০০ জন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (উপ-কেন্দ্র): ৩,৬৫০ জন পরীক্ষা দুপুর ২টায় শুরু হয়ে ৩টায় শেষ হয়েছে, তবে ৩০৬ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ গ্রহন করেনি।
উল্লেখ্য, ২০২৪–২৫ শিক্ষাবর্ষ থেকে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহঃ রাশেদুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টায় প্রথমবারের মতো উত্তরবঙ্গে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্র স্থাপন করা হয়। ২০২৫–২৬ শিক্ষাবর্ষে এটি দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হলো। ফলে দূরবর্তী অঞ্চলের শিক্ষার্থী ও অভিভাবকরা দূরপাল্লায় গিয়ে পরীক্ষা দেওয়ার ভোগান্তি থেকে রক্ষা পেয়েছেন।
উপাচার্য প্রফেসর ড. মুহঃ রাশেদুল ইসলাম বলেন, “গতবারের মতো এবারও কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়ভাবে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।”
তিনি আরও জানান, “প্রশ্নপত্র প্রণয়ন, পরিবহন, কেন্দ্র ব্যবস্থাপনা, নজরদারি ও নিরাপত্তাসহ সব কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। যেকোনো ধরনের অনিয়ম রোধে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী ও ভিজিল্যান্স টিম মাঠে কাজ করায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”

