যশোর প্রতিনিধি :মোঃসবুজ ইসলাম:
কুয়াশায় মোড়ানো চারপাশ, কনকনে ঠান্ডায় যখন সাধারণ মানুষের ঘর থেকে বের হওয়াই দায়, ঠিক তখনই যশোরের রাজপথে শ্রমজীবী মানুষের উষ্ণতা হয়ে দেখা দিলেন অনিন্দ্য ইসলাম অমিত। আজ সোমবার সকাল ৮টার দিকে যশোর শহরের লালদিঘি পাড় এলাকায় এক ব্যতিক্রমী দৃশ্যের অবতারণা হয়। সেখানে উপস্থিত দিনমজুর, রিকশাচালক ও ছিন্নমূল মানুষের মাঝে পরম মমতায় শীতবস্ত্র পৌঁছে দেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা।বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও যশোর-৩ আসনের ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত কেবল কম্বল বিতরণেই সীমাবদ্ধ থাকেননি; তিনি প্রতিটি মানুষের কাছে গিয়ে তাদের শারীরিক অবস্থা ও জীবনযুদ্ধের গল্প শোনেন। ভোরে কাজে বের হওয়া ক্লান্ত মানুষগুলোর চোখে-মুখে তখন এক চিলতে হাসির ঝিলিক দেখা যায়।
এ সময় সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় অমিত বলেন, “যখন হাড় কাঁপানো ঠান্ডায় মানুষ কষ্ট পায়, তখন ঘরে বসে থাকার সুযোগ নেই। এই শ্রমজীবী মানুষগুলোই আমাদের সমাজের প্রাণ। তাদের পাশে দাঁড়ানো কোনো দয়া নয়, বরং আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চেষ্টা করছি ক্ষুদ্র সামর্থ্য দিয়ে তাদের কষ্ট কিছুটা লাঘব করতে।”তিনি আরও আশ্বস্ত করেন যে, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের বিপদে-আপদে তিনি সবসময় ছায়ার মতো পাশে থাকবেন।কর্মসূচিতে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন জেলা বিএনপির সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল এবং সদস্য সচিব রাজিদুর রহমান সাগরসহ স্থানীয় নেতৃবৃন্দ।ভোরবেলা আচমকা এমন সহযোগিতা পেয়ে আপ্লুত এক রিকশাচালক বলেন, “খুব সকালে শীতে যখন হাত-পা জমে যাচ্ছিল, তখন এই কম্বলটা পেয়ে খুব উপকার হলো। আমাদের খোঁজ কেউ এভাবে নেয় না।”

