প্রতিবেদন:
আল মিরাজ
পৌষ মাসের তীব্র শীতে কাঁপছে সারাদেশ। হিমালয় পার্শ্ববর্তী ও তিস্তা নদীবেষ্টিত দেশের সর্ব উত্তরের উপজেলা নীলফামারীর ডিমলা সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলায় বইছে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ।
আজ তারিখ: ০৮-০১-২০২৬ইং ডোমার ও ডিমলা উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেতুলিয়ায়, যেখানে পারদ নেমেছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে।
ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে নীলফামারী জেলাসহ পুরো উত্তরাঞ্চল। বিশেষ করে গ্রামাঞ্চলে শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে। কনকনে ঠান্ডা থেকে রক্ষা পেতে নিম্নআয়ের মানুষজন খড়কুটো ও কাঠ জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে।
ঘন কুয়াশার কারণে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। অনেক সড়কে যানবাহনের চালকদের হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করতে দেখা গেছে। এতে করে সড়ক দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
এদিকে শীতের প্রকোপ অব্যাহত থাকায় শিশু, বয়স্ক ও শীতজনিত রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়তে পারে বলে সতর্ক করছেন চিকিৎসকরা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

