জয়পুরহাট প্রতিনিধি:
মো: মাসুম রেজা
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০১৫ সালের ভর্তি পরীক্ষায় সারা দেশে প্রথম স্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থী শোয়াইব আহমেদ আর নেই। দীর্ঘদিন ব্রেন টিউমারের মতো দুরারোগ্য ব্যাধির সঙ্গে লড়াই শেষে শুক্রবার (৯ জানুয়ারি) ঢাকার এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
শোয়াইব আহমেদ জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের হরেন্দা গ্রামের বাসিন্দা ও আবুল কালাম আজাদের ছেলে। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে অধ্যয়নরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। অবশেষে সকল চিকিৎসা প্রচেষ্টা ব্যর্থ করে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।
শোয়াইব আহমেদ ঢাকার ঐতিহ্যবাহী নটর ডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। ২০১৫ সালে বুয়েটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে হাজারো শিক্ষার্থীকে পেছনে ফেলে সারা দেশে প্রথম স্থান অর্জন করে তিনি দেশজুড়ে আলোচনার সৃষ্টি করেন। তাঁর এই সাফল্য ছিল পাঁচবিবিসহ গোটা জয়পুরহাট জেলার জন্য গর্বের বিষয়।
তার অকাল প্রয়াণে শিক্ষা অঙ্গনসহ নিজ এলাকা পাঁচবিবিতে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, শিক্ষাপ্রতিষ্ঠান ও শুভানুধ্যায়ী মহল গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

