স্টাফ রিপোর্টার, মোঃ মাহবুল ইসলাম মুন্না:
বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং–বি–১৮৭৮)-এর উদ্যোগে রানিং স্টাফসহ অন্যান্য কর্মচারীদের ডিসেম্বর/২০২৫ মাসের বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত রাজশাহী রেলওয়ে স্টেশনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, রাজশাহী শাখার সভাপতি মোঃ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক শামীম আকতারসহ রানিং স্টাফ ও অন্যান্য কর্মচারীরা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দেশের অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ডিসেম্বর ২০২৫ মাসের বেতন যথাসময়ে পেলেও রাজশাহীর রানিং স্টাফরা এখনও বেতন পাননি। নির্ধারিত সময়ে বেতন পরিশোধ না হওয়ায় কর্মচারীদের মধ্যে চরম উদ্বেগ ও অসন্তোষ বিরাজ করছে।
তারা আরও জানান, বেতন সংক্রান্ত জটিলতার বিষয়ে গত ১ জানুয়ারি ২০২৬ তারিখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হলেও এখন পর্যন্ত বেতন পরিশোধের কোনো অগ্রগতি দেখা যায়নি।
এ পরিস্থিতিতে ইউনিয়নের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, ডিসেম্বর/২০২৫ মাসের নিয়মিত বেতন ১২ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে পরিশোধ না হলে রাজশাহীর বাইরে ট্রেন চলাচল বন্ধ রাখা হবে।
বিক্ষোভ সমাবেশ শেষে ইউনিয়নের নেতৃবৃন্দ রাজশাহী রেলওয়ের জেনারেল ম্যানেজার (পশ্চিমাঞ্চল)–কে বিষয়টি মৌখিকভাবে অবহিত করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সার্বিক পরিস্থিতি নজরদারিতে রাখার কথাও জানানো হয়।

