মোঃ ফারুক হোসেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে জয়পুরহাটের কালাই উপজেলায় নির্বাচন ও গণভোট বিষয়ে উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ধর্মীয় নেতা (ইমাম), জনপ্রতিনিধি, হিন্দু কল্যাণ সমিতির প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
“গণভোট ২০২৬ ও জাতীয় সংসদ নির্বাচন—দেশের চাবি আপনার হাতে” শীর্ষক এই কর্মশালায় ভোটাধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে নাগরিকদের দায়িত্ব, ভোট প্রদানের গুরুত্ব এবং গণতন্ত্র সুদৃঢ়করণে জনগণের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শামীম আরা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফতেকার রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মুনিরুজ্জামান, কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা ফেরদৌস আলম।
বক্তারা বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ভোটই হলো নাগরিকের সবচেয়ে বড় শক্তি। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমেই দেশের ভবিষ্যৎ নির্ধারিত হয়। তাই কোনো ধরনের ভয়ভীতি, গুজব বা প্রলোভনের কাছে নত না হয়ে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।
এ সময় গণভোট বিষয়ে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাবে বক্তারা জানান, গণভোটের মাধ্যমে জনগণ সরাসরি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতে পারেন। এটি জনগণের মতামত প্রতিফলনের একটি গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়া। পাশাপাশি গণভোটে অংশগ্রহণের পদ্ধতি, ভোটের গোপনীয়তা এবং ভোটারদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
কর্মশালায় উপস্থিত সুধীজনরা এ ধরনের উদ্বুদ্ধকরণ কার্যক্রমকে সময়োপযোগী ও কার্যকর বলে মন্তব্য করেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, তৃণমূল পর্যায়ে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

