প্রতিবেদক: মোঃআব্দুল মজিদ রনি,মজিদ ঠাকুরগাঁও প্রতিনিধি:
উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে গ্রামীণ জনপদের চিত্র বদলে দিচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)। সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনে জেলার ৫টি উপজেলায় সড়ক, ব্রিজ-কালভার্ট এবং হাট-বাজারের আধুনিকায়নে গত অর্থবছরে ব্যাপক কর্মযজ্ঞ পরিচালিত হয়েছে। এর ফলে সরাসরি সুফল পেতে শুরু করেছেন জেলার লক্ষাধিক মানুষ।
ঠাকুরগাঁও এলজিইডির তথ্য সূত্রে জানা যায়, ২০২৪-২০২৫ অর্থবছরে জেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য মোট ৩৯৩ কোটি ১৩ লক্ষ ৩৩ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। কাজের গুণগত মান বজায় রেখে অত্যন্ত দক্ষতার সাথে এই বরাদ্দের ৩৮৮ কোটি ৬২ লক্ষ ৭৩ হাজার টাকা ব্যয় করা হয়েছে। অর্থাৎ, বরাদ্দের প্রায় শতভাগই মাঠ পর্যায়ের উন্নয়নে কাজে লাগানো হয়েছে, যা অবকাঠামো উন্নয়নে এক অনন্য রেকর্ড।
সরেজমিনে দেখা যায়, চলতি অর্থবছরে সদর উপজেলার আকচা ইউপি অফিস থেকে চেরাডাঙ্গী বাজার পর্যন্ত ৫.৩০০ কিলোমিটার দীর্ঘ একটি দৃষ্টিনন্দন সড়কের কাজ সম্পন্ন হয়েছে। সড়কটি যাতায়াত ব্যবস্থা সহজ করার পাশাপাশি এর সৌন্দর্য বর্ধনে দুই ধারে বৃক্ষরোপণ করেছে উপজেলা প্রকৌশলী মোঃ মাবুদ হোসেন এর তত্বাবধানে এই পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইসমত আরা ফারজানা। আধুনিক এই সড়কটি এখন অত্র এলাকার অন্যতম প্রধান আকর্ষণ ও যোগাযোগ মাধ্যমে পরিণত হয়েছে।
টেকসই সড়ক নির্মাণের ফলে ঠাকুরগাঁওয়ের প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সরাসরি বড় বাজারে বা আড়তে পৌঁছাতে পারছেন। এতে একদিকে যেমন পরিবহন খরচ কমেছে, অন্যদিকে কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন। এলজিইডির এই উন্নয়ন কর্মকাণ্ডের ফলে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও কৃষি অর্থনীতিতে নতুন গতির সঞ্চার হয়েছে।
নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস জানান, নির্ধারিত সময়ের মধ্যে এবং গুণগত মান বজায় রেখে প্রকল্পের কাজ শেষ করাই ছিল তাদের প্রধান লক্ষ্য। বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করায় জেলার পাঁচটি উপজেলাতেই উন্নয়নের ইতিবাচক প্রভাব পড়েছে।

