আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মানিকগঞ্জ–৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতার প্রতি সমর্থন জানিয়ে সাধারণ ভোটারদের অংশগ্রহণে এক ব্যতিক্রম মিছিল ও শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে আসা বিপুলসংখ্যক কৃষক, শ্রমিক ও দিনমজুর মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে যোগ দেন। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এতে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।
বুধবার বিকাল প্রায় ৩টায় সাটুরিয়ার ঐতিহ্যবাহী বালিয়াটি রামকৃষ্ণ মিশনের সামনের সড়ক থেকে পদযাত্রাটি শুরু হয়। এরপর এটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ ঘুরে সাটুরিয়া বাজার এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা আফরোজা খানম রিতার পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং তার নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন। পুরো কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

