কলাম [MD Jahidul Islam]
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর ঢাকা-৫ আসনের শনি আখড়া দনিয়া কলেজ মাঠ প্রাঙ্গণে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাজী মোহাম্মদ ইব্রাহিমের হাত পাখা মার্কার বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এ জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, দলীয় নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন। জনসভা উপলক্ষে মাঠ ও আশপাশের এলাকায় সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে হাজী মোহাম্মদ ইব্রাহিম ঢাকা-৫ আসনের সার্বিক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি শিক্ষা, স্বাস্থ্য, সড়ক অবকাঠামো, পানি নিষ্কাশন ব্যবস্থা ও নাগরিক সেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি দুর্নীতিমুক্ত ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি বলেন, ঢাকা-৫ আসনের জনগণ দীর্ঘদিন ধরে মৌলিক নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। নির্বাচিত হলে এলাকার উন্নয়নে জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। তার বক্তব্যে জনসভায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং ভোটারদের সচেতন ভূমিকার ওপর আলোকপাত করেন। বক্তারা হাত পাখা মার্কার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
জনসভা শেষে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি শনির আখড়া ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। এ সময় “হাত পাখা মার্কা জিন্দাবাদ”সহ বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
এদিকে ঢাকা-৫ আসনে এবারের নির্বাচনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হাজী মোহাম্মদ ইব্রাহিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. কামাল হোসেন এবং বিএনপির মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবী—এই তিন প্রার্থীর মধ্যে শক্ত প্রতিযোগিতা চলছে। মাঠপর্যায়ে প্রতিটি দলের প্রচার-প্রচারণা ক্রমেই জোরদার হচ্ছে।
জনসভা ও মিছিলকে ঘিরে ঢাকা-৫ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

