আন্তর্জাতিক:
ইতালির মিলানে ২৫তম শীতকালীন অলিম্পিক গেমস গত ৬ ফেব্রুয়ারি রাতে উদ্বোধন হয়েছে। চীনের রাষ্ট্রীয় পরিষদের সদস্য শেন ই ছিন এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাতারেলার সঙ্গে শেন ই ছিন সাক্ষাৎ করেন। এ সময় শেন ই ছিন প্রেসিডেন্ট সি চিন পিংয়ের পক্ষ থেকে তাঁকে উষ্ণ শুভেচ্ছা জানান। তিনি মিলান শীতকালীন অলিম্পিকের পূর্ণ সাফল্য কামনা করেন এবং চীনা ক্রীড়া প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য ইতালির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেসিডেন্ট মাতারেলাও শেন ই ছিনকে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাতে অনুরোধ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, চীনা ক্রীড়াবিদরা ভালো ফলাফল করবেন। একই সঙ্গে তিনি মিলান শীতকালীন অলিম্পিকের প্রতি চীনা সরকারের সমর্থনের জন্য ধন্যবাদ জানান।
৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি কার্স্টি কভেন্ট্রির সঙ্গে শেন ই ছিন সাক্ষাৎ করেন। শেন ই ছিন বলেন, চীন আইওসি-র সঙ্গে উচ্চমানের সহযোগিতা অব্যাহত রাখতে এবং আরও গভীর করতে চায়। চীন খেলাধুলার মাধ্যমে বিশ্বের শান্তিপূর্ণ উন্নয়ন এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গঠনকে এগিয়ে নেবে। কভেন্ট্রি অলিম্পিক গেমসের প্রতি চীন সরকারের দৃঢ় সমর্থন ও অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে সহযোগিতা অব্যাহত রাখা এবং অলিম্পিক চেতনা ছড়িয়ে দিয়ে অস্থিতিশীল বিশ্বে আরও ইতিবাচক শক্তি যোগানোর ইচ্ছা প্রকাশ করেন।
ইতালি সফরকালে শেন ই ছিন চীনা ক্রীড়া প্রতিনিধিদলের সঙ্গে দেখা করেন। তিনি প্রেসিডেন্ট সি চিন পিং এবং সিপিসি কেন্দ্রীয় কমিটি ও রাষ্ট্রীয় পরিষদের পক্ষ থেকে তাঁদের আন্তরিক শুভেচ্ছা জানান। পাশাপাশি তিনি ‘চায়না হাউস’ ঘুরে দেখেন এবং ফিগার স্কেটিং প্রতিযোগিতা উপভোগ করেন।
সূত্র: অনুপমা-শিশির-তৌহিদ,চায়না মিডিয়া গ্রুপ।

