আন্তর্জাতিক:
চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং স্প্রিং ফেস্টিভ্যালে উপলক্ষে যাত্রা মৌসুমে পরিবহন সেবা নিশ্চিত করা, গুরুত্বপূর্ণ খাতে নিরাপত্তা জোরদার করা, সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা এবং পর্যটন সেবার মান উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেছেন।
শনিবার চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় পরিদর্শনের সময় এসব মন্তব্য করেন লি ছিয়াং। তিনি জরুরি কমান্ড সদরদপ্তরের যৌথ দায়িত্ব কক্ষ পরিদর্শন করেন, সেখানে কর্মরত কর্মকর্তাদের শুভেচ্ছা জানান এবং ছুটির সময় দায়িত্ব ও প্রস্তুতি ব্যবস্থা সম্পর্কে খোঁজ নেন।
তিনি বলেন, এসব উদ্যোগের মাধ্যমে জনগণ যেন আনন্দময় ও শান্তিপূর্ণ ছুটি উপভোগ করতে পারে, তা নিশ্চিত করতে হবে।
লি বলেন, স্প্রিং ফেস্টিভ্যাল হলো সারা দেশে পারিবারিক পুনর্মিলনের সময়। তাই জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি পরিকল্পনা আরও উন্নত করা জরুরি। কোনো বড় দুর্ঘটনা বা জরুরি ঘটনা ঘটলে তা দ্রুত রিপোর্ট, তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং কার্যকরভাবে মোকাবিলা করতে হবে বলে নির্দেশ দেন তিনি।
ভিডিও সিস্টেমের মাধ্যমে তিনি ছুটির যাত্রা মৌসুমে পরিবহন ও সেবা নিশ্চিতে গৃহীত ব্যবস্থাগুলো সম্পর্কে অবহিত হন।
তিনি বলেন, স্প্রিং ফেস্টিভ্যালের যাত্রা চাপ পরিবহন সেবার সক্ষমতা যাচাইয়ের একটি বড় পরীক্ষা। এ সময় পরিবহন সক্ষমতার সমন্বয়, যাত্রীসেবা উন্নত করা, ভ্রমণকারীদের বাস্তব সমস্যার সমাধান এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য প্রস্তুতি ও প্রতিক্রিয়া জোরদার করতে হবে।
প্রধানমন্ত্রী খনিশিল্প, ঝুঁকিপূর্ণ রাসায়নিক, অগ্নিনির্বাপণ এবং বড় নির্মাণ প্রকল্পসহ গুরুত্বপূর্ণ খাতের নিরাপত্তা প্রতিরোধমূলক ব্যবস্থার ওপরও ব্রিফিং শোনেন এবং বলেন, নিরাপত্তা সব সময় সর্বোচ্চ অগ্রাধিকার পেতে হবে। এছাড়া, ছুটির সময় পর্যটন বাজারের অবস্থা ও সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কেও তাকে অবহিত করা হয়।
তথ্য ও ছবি: সিসিটিভি

