শাল্লা( সুনামগঞ্জ) প্রতিনিধি
মোঃ দিলুয়ার হোসেন
সুনামগঞ্জের শাল্লায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে পুষ্পস্তবক অর্পণ, র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
শনিবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ প্রাঙ্গণে নবনির্মিত শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করে পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, শাল্লা উপজেলা প্রেসক্লাব, শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং শাল্লা সরকারি ডিগ্রি কলেজ।
এছাড়াও গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়, উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন, জিয়া মঞ্চের নেত্রীবৃদ্ধ , সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সরকারি-বেসরকারি, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে।
পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা এনামুল হক।
এ সময় উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস, কৃষি কর্মকর্তা শুভ জিৎ রায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান, উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম , উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল, জিয়া মঞ্চের আহবায়ক শান্তু মিয়া, এবং শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি বাদল চন্দ্র দাস। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ মোনাজাতে অংশ নেন।
দিবসটির দ্বিতীয় পর্বে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান শহীদ দিবসের কর্মসূচি সমাপ্ত হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

