ঢাকা মহানগর দক্ষিন চকবাজার থানাধীন দেবিদাসঘাট, সোয়ারীঘাট, কুরাপট্রি ও কামলবাগ এলাকায় মাদক কারবারি ও মাদকসেবীদের উৎপাত চরম আকার ধারণ করেছে। ঐতিহ্যবাহী ব্যবসাকেন্দ্র হিসেবে পরিচিত এই জনবহুল এলাকাগুলো আজ মাদকের ভয়াল ছোবলে বিপর্যস্ত। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিনযাপন করছেন।
অভিযোগ রয়েছে, সংঘবদ্ধ মাদকচক্র প্রকাশ্যে ইয়াবা, গাঁজা ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্য বিক্রি করছে। নারি-পুরুষ নির্বিশেষে অনেকের হাতেই এখন মাদক পৌঁছে যাচ্ছে। কিশোর ও তরুণদের একটি অংশ সহজেই এই ভয়ঙ্কর নেশায় জড়িয়ে পড়ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অশনিসংকেত। স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের মাঝেও মাদকের প্রভাব বাড়ছে বলে এলাকাবাসীর দাবি।
মাদক কারবারিদের দৌরাত্ম্যে দিনদুপুরে ছিনতাই, চুরি ও কলকারখানায় হামলার ঘটনাও বাড়ছে। ব্যবসায়ীরা জানান, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অনেক সময় তাদের নীরব থাকতে বাধ্য করা হয়। ফলে স্থানীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বিনিয়োগকারীরা অনিশ্চয়তায় ভুগছেন।
সচেতন মহল মনে করছেন, দ্রুত কার্যকর অভিযান ও কঠোর আইনি ব্যবস্থা ছাড়া এ পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। নিয়মিত পুলিশি টহল, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান এবং সামাজিক সচেতনতা কার্যক্রম জোরদার করার দাবি উঠেছে। পাশাপাশি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকেও তরুণদের সচেতন করতে এগিয়ে আসতে হবে।
এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে দেবিদাসঘাট, সোয়ারীঘাট, কুরাপট্রি কামালবাগ এলাকাকে মাদকমুক্ত করবে। অন্যথায় নতুন প্রজন্ম আরও গভীর সংকটে নিমজ্জিত হবে এবং ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সম্পূর্ণভাবে ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।

