মুন্সিগঞ্জ প্রতিনিধি
সেবা প্রত্যাশীদের ভোগান্তি ও সরকারি হাসপাতালের অনিয়মের খবরে হঠাৎ – মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর বেশে হাজির মুন্সীগঞ্জ-০১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ।
মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়লে অনেকটা তাড়াহুড়ো করে ছুঁটে আসেন চিকিৎসকরা। সংসদ সদস্যের বিভিন্ন প্রশ্নে রীতিমতো হতভম্ব চিকিৎসক।
সোমবার বেলা সাড়ে ১০টার দিকে এমন চিত্র দেখা গেছে,উপজেলা স্বাস্থ্য কমপেক্সটিতে।
হাসপাতালের দালাল চক্র সহ নানা অব্যবস্থাপনার অভিযোগ নিয়ে সংসদ সদস্যের কাছে ছুটে আসেন সাধারণ রোগীরা। প্রশ্ন তোলেন চিকিৎসকদের বিভিন্ন স্বেচ্ছাচারিতা ও দৈনন্দিন কর্মকাণ্ড নিয়ে।
এছাড়া ভুক্তভোগী সেবা প্রত্যাশীরা অভিযোগ জানান, নির্ধারিত সময়ে চিকিৎসক না পাওয়া, চিকিৎসকদের অনুপস্থিতি, প্রয়োজনীয় ঔষধ না পাওয়া ও দালাল চক্রের বেপরোয়া দৌরাত্ম সহ নানা অনিয়মের।
এসময় মুন্সীগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ রোগীদের সাথে সরাসরি কথা বলে হাসপাতালের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, অবহেলার কথা জানতে পারেন এবং সাথে সাথে ব্যবস্থা নেন৷ সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার-নার্সদের হাজিরা বহি চেক করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিটি ওয়ার্ড ও কেবিন পরিদর্শন করেন৷ রোগীদের খোঁজ খবর নেন কারো কোন অভিযোগ আছে কিনা রোগীদের নিকট জানতে চান৷
হাসপাতালে পরিচালক ডাক্তার জামশেদ ফরিদী হাসপাতালের বিভিন্ন বিষয় সংসদ সদস্যকে অবহিত করেন এবং ঘুরে ঘুরে দেখান৷ সংসদ সদস্য হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে জোর দেন তিনি আরো বলে, আমি ব্যক্তিগতভাবে একজন পরিচ্ছন্ন কর্মী নিয়োগ দিব এখানে যাতে হাসপাতালে পরিবেশ পরিচ্ছন্ন থাকে৷ ইউএনও ও ডিসি সাহেবের সাথে আলোচনা করে হাসপাতালে সার্বক্ষণিক নিরাপত্তার জন্য দুইজন আনসার দেওয়ার ব্যবস্থা করা হবে ৷ হাসপাতালে যেন কোন ব্রোকার না প্রবেশ করতে পারে সে বিষয়ে সিরাজদিখান থানার ওসি- কে দেখভাল করার নির্দেশ প্রদান করেন৷ ডাক্তার নার্স এবং অন্যান্য স্টাফদের উপস্থিতি নিশ্চিত করার জন্য হাসপাতালের পরিচালক কে নির্দেশ প্রদান করেন৷ কোন প্রকার অনিয়ম পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি করেন৷
এছাড়া আকস্মিক পরিদর্শন ও মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালক ডাক্তার জামশেদ ফরিদী সহ অন্যান্য ডাক্তার, নার্স এবং হাসপাতালের কর্মচারী বৃন্দ প্রমুখ।

