হবিগজ্ঞ থেকে
ইলিয়াস আলী মাসুক
সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র নিয়মিত অভিযানের গত শুক্রবার ১৩ মার্চ গভীর রাতে এক বিশেষ অভিযানে অভিনব কায়দায় পাচারকালে প্রায় দেড় কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস আটক করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশ সীমনার অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন নোয়াহাটি নামক এলাকায় কৌশলগত অবস্থান নেয়। রাত আনুমানিক ৩টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক আসতে দেখে সংকেত দিয়ে ট্রাকটি থামানো হয়। পরবর্তীতে বিজিবি টহলদল উক্ত ট্রাকটি তল্লাশি করে দেখতে পায়, বস্তাভর্তি ধানের তুষ এবং বস্তা খুলে তুষের ভেতরে অত্যন্ত সুকৌশলে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স লুকানো রয়েছে। এছাড়াও উক্ত ট্রাকটিতে বস্তার ভেতরে লুকানো সিমকার্ড সাপোর্টেড একটি গাড়ি ট্র্যাকিং ডিভাইস পাওয়া যায়। অবৈধ পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া এই সমস্ত কসমেটিক্স এবং গাড়ি ট্র্যাকিং ডিভাইসটি তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।
অপরদিকে হবিগঞ্জ ৫৫ বিজিবির আওতাধীন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন রাজেন্দ্রপুর বিওপির টহলদল অদ্য ১৩ মার্চ ২০২৬ তারিখ ৩টার সময় সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে রামনগর নামক স্থান হতে ৫৬ কেজি ভারতীয় কাঁচা মরিচ জব্দ করে। যার আনুমানিক মূল্য ৫ হাজার ৬০০ টাকা।
আটককৃত মালামালের সিজার মূল্য আনুমানিক ১ কোটি ৪৮ লক্ষ টাকা। অবৈধভাবে আনা এই পণ্যসমূহ সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, দেশের অর্থনীতিকে সুসংহত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা গড়ে তোলার আহবান জানিয়েছে বিজিবি।

