স্টাফ রিপোর্টার
মহান স্বাধীনতার ইতিহাসের এক নির্মম অধ্যায় ২৫ মার্চের গণহত্যা স্মরণে খুলনার শিরোমণি এলাকায় অবস্থিত বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর অন্যতম রেজিমেন্ট, সুন্দরবন রেজিমেন্টের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
আজ (২৫ মার্চ) সকালে সুন্দরবন রেজিমেন্টের মসজিদে রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ রায়হানের উপস্থিতিতে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে দেশ ও জাতির কল্যাণ, শহীদদের আত্মার মাগফিরাত এবং জাতির শান্তি কামনায় মোনাজাত করা হয়।
এছাড়াও সুন্দরবন রেজিমেন্টের আওতাধীন ২১ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গভীর শ্রদ্ধা ও বেদনাময় পরিবেশে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে তাঁদের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও স্মৃতিচারণ ক্যাডেটদের সামনে তুলে ধরা হয়, যা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও ত্যাগের মহিমা অনুধাবনে অনুপ্রাণিত করে।
সুন্দরবন রেজিমেন্টের তত্ত্বাবধানে আয়োজিত এ কার্যক্রমে অংশগ্রহণকারী ক্যাডেটরা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন এবং দেশপ্রেম, শৃঙ্খলা ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়ে জাতির গৌরবময় ইতিহাস ধারণ ও প্রচারের অঙ্গীকার ব্যক্ত করেন।

