মোস্তফা কামাল, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এরপর রাজারহাট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
সকাল ৮টায় রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও আনুষ্ঠানিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে। পরে উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
এছাড়াও দিবসটি উপলক্ষে আলোচনা সভা, মুক্তিযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধের তাৎপর্য তুলে ধরে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রাজারহাট উপজেলায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়।

