তৌহিদুল ইসলাম শামিম, হিলি (দিনাজপুর) প্রতিনিধি
ভারতীয় হিলি কাস্টমস কর্মকর্তা সুপারিনটেনডেন্ট (এডমিন) মধুসূদন দত্ত আকষ্মিক পরলোকগমন করায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের আমদানি রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ঈদুল ফিতরের দীর্ঘ টানা ১০ দিনের ছুটি শেষে আজ থেকে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের পূর্বের নিয়মে আমদানি রফতানি কার্যক্রম শুরু হওয়ার কথা ছিলো। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের বৈধ পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।
বিষয়টি বাংলাহিলি কাস্টমস সি এন্ড এফ এজেন্সি অ্যাসোশিয়শনের সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম শাহিন স্বাক্ষরিত পত্রের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।
শাহিনুর ইসলাম শাহিন বলেন, ঈদুল ফিতরের দীর্ঘ টানা ১০ দিনের ছুটি শেষে হিলি স্থলবন্দরের অভ্যন্তরীন কার্যক্রম শুরু হয়েছে। হিলি শুল্ক স্টেশনের অফিস খোলা রয়েছে কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত রয়েছে। বন্দরের বেসরকারি অপারেটর পানামা পোর্ট লিংক লিমিটেড এর কার্যক্রম সচল রয়েছে।
তিনি আরও বলেন, ভারতীয় কাস্টমস কর্মকর্তা সুপারিন্টেন্ডেন্ট (এডমিন) মধুসূদন দত্ত আকষ্মিক পরলোকগমন করায় ভারতীয় কাস্টমস ও এক্সপোর্টাররা আমদানি রফতানি কার্যক্রম বন্ধ রেখেছে। ফলে আগামীকাল ২৯ মার্চ সকাল থেকে পূর্বের নিয়মে দুই দেশের আমদানি রফতানি কার্যক্রম শুরু হবে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম বলেন, ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি এবং আজ ভারতীয় কাস্টমস কর্মকর্তার মৃত্যুতে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের বৈধ পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে এবং ঈদের ছুটিতে ও যাত্রী চলাচল স্বাভাবিক ছিলো।

