মোঃ নাজিম উদ্দিন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুদ ও নির্ধারিত দামের বেশি মূল্যে বিক্রি প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (২৮ মার্চ ২০২৬) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলামের নেতৃত্বে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন ও বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে শ্রীপুর উপজেলার জৈনা বাজার, গিলারচালা, এমসি বাজার, মাস্টারবাড়ী এবং পৌর এলাকার মোট ৯টি ফিলিং স্টেশনে জ্বালানি তেলের মজুদ ও ক্রয়-বিক্রয় কার্যক্রম পর্যালোচনা করা হয়।
এ সময় খোলা বাজারে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ রাখা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে ২টি মামলায় মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম জানান, জনস্বার্থ রক্ষায় এ ধরনের মনিটরিং ও মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

