নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের এম কে রোড এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে পচা খাবার বিক্রি ও খাবারে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের দায়ে নাজমা হোটেলকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২৯ মার্চ) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে হোটেল মালিক-কে, অর্থদণ্ড প্রদান করেন।
অভিযান সূত্রে জানা যায়, নাজমা হোটেলের রান্নাঘরে অনেক নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ লক্ষ্য করা যায়। সেখানে আগের দিনের পচা ভাত টাটকা ভাতের সঙ্গে মিশিয়ে বিক্রি করা হচ্ছিল। এছাড়া রুটি ও পরোটার খামিরে অনুমোদনহীন ও স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ কেমিক্যাল ব্যবহারের প্রমাণ পেয়েছেন কর্মকর্তারা। হোটেলের ভিতরে অনেক আবর্জনার স্তূপ ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার সংরক্ষণের দৃশ্যও অভিযানে ধরা পড়ে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিমুজ্জামান জানান, ভোক্তা অধিকারবিরোধী এসব কর্মকাণ্ডের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী হোটেল কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

