নিজস্ব প্রতিবেদক
যশোরে জাতীয় ভোক্তা-অধিকার আইন, ২০০৯-এর প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ মার্চ) সকাল ১১টায় যশোর সদর উপজেলার লোন অফিস পাড়াস্থ সম্মিলনী ইনস্টিটিউশনের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান। তিনি শিক্ষার্থীদের ভোক্তা অধিকার বাস্তবায়ন এবং আইনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, ভোক্তা অধিকার রক্ষায় আমরা বদ্ধপরিকর। যেখানেই ভোক্তা অধিকার লঙ্ঘিত হবে এবং সাধারণ মানুষ প্রতারিত হবে, সেখানেই আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সচেতন ভোক্তা হিসেবে গড়ে ওঠা অত্যন্ত জরুরি। দৈনন্দিন জীবনে পণ্য ক্রয় ও সেবা গ্রহণে প্রতারণা এড়াতে তিনি বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলনী ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মিহির কান্তি সরকার এবং কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), যশোর জেলার সহ-সভাপতি আব্দুর রকিব সর্দার অপু। বক্তারা ন্যায্য বাজারব্যবস্থা নিশ্চিতকরণে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। তারা প্রশ্নোত্তরের মাধ্যমে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন জটিল বিষয় সম্পর্কে ধারণা লাভ করে। সভার শেষে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

