চৌগাছা (যশোর) প্রতিনিধি,সালমান বিশ্বাস
যশোরের চৌগাছায় বাবার কোদালের আঘাতে গুরুতর আহত ছেলে তরিকুল ইসলাম (৩৫) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে চৌগাছা থানাধীন ৩নং সিংহঝুলী ইউনিয়নের জাহাঙ্গীরপুর দক্ষিণ পাড়া গ্রামে নিজ বাড়ির সামনের মুদি দোকানে ঘুমন্ত অবস্থায় ছিলেন তরিকুল ইসলাম। এ সময় তার বাবা রবিউল ইসলাম (৫৭) কোদালের আছাড়ি দিয়ে তরিকুলের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তরিকুলকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করা হয়। সেখানেও তার অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য গত ২১ জানুয়ারি বুধবার দুপুর আড়াইটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরবর্তীতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে তরিকুল ইসলাম মৃত্যুবরণ করেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত বাবা রবিউল ইসলাম পলাতক রয়েছেন। ভিকটিমের মৃতদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

