গৌতম কুমার মহন্ত, নওগাঁ থেকেঃ
নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীর উপরে নির্মানাধীন একাধিক সেতুর কাজ দ্রুত এগিয়ে চলেছে।সেতু গুলোর নির্মাণ কাজ সমাপ্ত হলে নওগাঁ জেলা সদরের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ জেলার সরাসরি সড়ক যোগাযোগ সহজ হবে।২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের অনেক এলাকায় সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ অসমাপ্ত রেখে ঠিকাদারী প্রতিষ্ঠান আত্মগোপনে চলে গেলেও উপজেলার আত্রাই নদীর উপর নির্মানাধীন এসব সেতুর কাজ চলমান রয়েছে বলে এলাকাবাসী জানান।স্থানীয় সরকার মন্ত্রণালয় এলজিইডির উপজেলা প্রকৌশলী সৈকত দাস জানান,শিবগঞ্জ বাজার থেকে বাগডোব বাজার রোডে আত্রাই নদীর উপর ২৫৯.৩০ মিটার দৈর্ঘ্য এবং ৩৭ মিটার দৈর্ঘ্যের ৭ টি স্প্যানের উপর নির্মাণাধীন এ গার্ডার সেতু নির্মাণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ৩০ কোটি ৫৯ লাখ ৫৮ হাজার ১২০ টাকা বরাদ্দ দেয়।মাক্স ইনফ্রাস্ট্রাকচার নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান টেন্ডারের মাধ্যমে ওই সেতু নির্মাণের দ্বায়িত্ব পায়।এছাড়াও সুত্রমতে একই মন্ত্রণালয় উপজেলার এনায়েতপুর কালনা মোড় সংলগ্ন আত্রাই নদীর উপর ২৬২ মিটার দৈর্ঘ্য এবং ৩৭.৪২ মিটার দৈর্ঘ্যের ৭টি স্প্যানের উপর নির্মাণাধীন অপর সেতু নির্মাণে ব্যায় বরাদ্দ দেয়া হয়েছে ৩৩ কোটি ২৪০২০০০ টাকা।টেন্ডারের মাধ্যমে আইসিএল প্রাইভেট লিমিটেড নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এ সেতু নির্মাণের দ্বায়িত্ব পায়। এদুটি সেতুর নির্মাণ কাজ ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের দ্বায়িত্বে থাকা কর্তা ব্যাক্তিরা জানান।উপজেলার দুইস্থানে নির্মাণাধীন সেতু দুটির নির্মাণ কাজ সম্পন্ন হলে জেলার সদরের সাথে সরাসরি নিয়ামতপুর,পোরশা,সাপাহার এবং পত্নীতলা উপজেলার একাংশসহ চাঁপাইনবাবগঞ্জ জেলার সঙ্গে সড়ক যোগাযোগ ব্যাবস্থা সহজ হবে।কালনা গ্রামের ইয়াসিন আলী বলেন,নবনির্মিত এসব সেতু যানবাহনসহ পথচারীদের চলাচলের জন্য খুলে দেয়ার পর দেখা যাবে উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে এলাকার সার্বিক চিত্র।স্থানীয় গুপিনাথপুর গ্রামের বাসিন্দা আব্দুস সোবহান বলেন, এলাকাবাসী শিবগঞ্জ ঘাটে একটি সেতু নির্মাণের দাবী দীর্ঘদিন ধরে করে আসছিল।অবশেষে সেই স্বপ্নের সেতু নির্মাণ কাজ সম্পন্ন হতে চলছ।এই সেতু নির্মাণের ফলে এলাকাবাসীর দুর্ভোগ অনেকাংশে কমে যাবে বলে মনে করেন,শিবগঞ্জ বাজারের বাসিন্দা আয়উব আলী। উপজেলার আত্রাই নদীর উপর নির্মাণাধীন এ সেতুর পূর্বপাড় এনায়েতপুর ইউনিয়নের কালনা মোড় ও পশ্চিমপাড় হাতুড় ইউনিয়নের সমাসপুর এলাকা এবং একই নদীর উপর নির্মাণাধীন উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের শিবগঞ্জ বাজার ও পশ্চিমপাড় চাঁন্দাশ ইউনিয়নের বাগডোব বাজার রোড। হাতুড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ এনামুল হক বলেন,সেতু দুটির নির্মাণ কাজ সম্পন্ন হলে একদিকে সড়ক যোগাযোগ সহজ হবে অপর দিকে নীতিগত ভাবেই এলাকার হাট-বাজার গুলোর উন্নয়নসহ এলাকাবাসীর জীবন যাত্রার আরো উন্নয়ন ঘটবে

