মোঃ মিজানুর রহমান,ভোলা প্রতিনিধিঃ
বঙ্গোপসাগরে ডাকাতির সময় জেলেদের হাতে ধরা পড়েছে মো. রুবেল (২৮) নামের এক জলদস্যু। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার মাইনউদ্দি মৎস্য ঘাটের জেলেরা আটক ওই জলদস্যুকে নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর কাছে হস্তান্তর করেন।
আটক রুবেলের বাড়ি কক্সবাজার জেলার মাতারবাড়ি গ্রামে। তিনি মো. মোস্তফা আহাম্মদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক হাসান রাসেল।
উপজেলার হাজারীগঞ্জ ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাইনউদ্দি মৎস্য ঘাটের ট্রলার মাঝি ইউসুফ জানান, রুবেলসহ প্রায় ১৭ জন জলদস্যু সোমবার রাতে কক্সবাজারের মহেশখালী সংলগ্ন এলাকায় গভীর সমুদ্রে কয়েকটি ট্রলারে ডাকাতি করেন। তার ট্রলারে ডাকাতি করার চেষ্টা করলে অন্য ট্রলারের লোকজনের সহায়তায় ডাকাত দলের সদস্য রুবেলকে আটক করা হয়। বাকি ১৬ জন ডাকাত পালিয়ে যায়।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক হাসান রাসেল জানান , ট্রলার মাঝি ইউসুফ গভীর সমুদ্রে মাছ ধরার সময় ডাকাত দলের সদস্য রুবেলকে ধরে এনে নৌবাহিনী ও পুলিশের কাছে হস্তান্তর করেছেন। তাকে থানায় জিজ্ঞেসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

