আল রোকন,রিপোর্টার কুমিল্লা:
বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জামায়াতকে ভোট দিলে বেহেশতে যাবে এটা আল্লাহর দেওয়া কোনো প্রতিশ্রুতি না। আমরা বিশ্বাস করি জামায়াত কোন ইসলামী দল না। এটা একটা রাজনৈতিক দল, নামটা ব্যবহার করে ইসলাম। শনিবার সন্ধ্যায় পৌর সদরের নিজ বাসভবনে দাউদকান্দি পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমাদের যে অর্জন ছিল তা
ধ্বংস করে দিয়ে গায়ের জোরে ক্ষমতায় থাকতে চেয়েছিল। আমরা গত ১৫ বছর ধরে আন্দোলন করেছি এই স্বৈরাচারের বিরুদ্ধে ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। পৌর বিএনপির সদস্য সচিব কাউছার আলম সরকারের সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম সামছুল হক, কুমিল্লা উত্তর জেলা বিএনপি সিনিয়র সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম সরকার, দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এম এ সাত্তার, দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ কামাল হোসেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওগাত চৌধুরী পিটার প্রমুখ।

