সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে ছয় কোটি টাকা ব্যয়ে ১১৮ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে উপজেলা ব্যাপী একটি নতুন উন্নয়নের ধারা সূচিত হয়েছে। উপজেলা প্রশাসনের নেতৃত্বে বাস্তবায়িত এসব প্রকল্পের মাধ্যমে গ্রামীণ অবকাঠামো, শিক্ষা, ক্রীড়া এবং সরকারি দপ্তর সমূহে এসেছে গঠনমূলক ও স্থায়ী পরিবর্তন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাস্তবায়িত ১১৮টি প্রকল্পের মধ্যে সর্বাধিক গুরুত্ব পেয়েছে গ্রামীণ সড়ক নির্মাণ ও সংস্কার। বহুদিন ধরে ব্যবহারের অনুপযোগী কাঁচা সড়কগুলোকে পাকা করে চলাচলের উপযোগী করে তোলা হয়েছে। এতে হাজার হাজার মানুষের যাতায়াতে এসেছে স্বস্তি ও গতি। উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের বাবলাপাড়া সুরুজ্জামানের বাড়ি থেকে গাড়লগাতি রহিমের বাড়ি পর্যন্ত সড়ক পাকাকরণ প্রকল্পটি এ বছরকার অন্যতম সফল উন্নয়ন কাজ হিসেবে উল্লেখ করা হচ্ছে।
স্থানীয়দের ভাষায়, এই রাস্তাটি ছিল আমাদের গলার কাঁটা। বর্ষাকালে চলাচল ছিল প্রায় অসম্ভব। এখন সহজেই যাতায়াত করা যায়, যা আমাদের জন্য বড় পাওয়া। শুধু অবকাঠামো নয়, শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রেও প্রশাসনের উদ্যোগ তরুণ প্রজন্মকে উজ্জীবিত করছে। চলতি অর্থবছরে উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ করা হয়েছে। এছাড়া ২৭৮টি প্রাথমিক বিদ্যালয়, ৭২টি মাধ্যমিক বিদ্যালয় এবং ১৯টি ক্রীড়া ক্লাবে বিতরণ করা হয়েছে মোট ৪০০টি ফুটবল।
উধুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন অর রশিদ বলেন, “বিদ্যালয়ে ফুটবল পেয়ে শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত। তারা খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশে আগ্রহী হচ্ছে। উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিলন বলেন,“উপজেলা প্রশাসনের নিয়মিত ফুটবল বিতরণ কার্যক্রম ক্রীড়া উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছে। এতে স্থানীয় খেলোয়াড়রা অনুশীলনে আগ্রহ পাচ্ছে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছে।
উপজেলার অনেক সরকারি দপ্তর বছরের পর বছর ধরে ছিল জরাজীর্ণ অবস্থায়। এবার সেগুলোর সংস্কার ও আধুনিকায়ন করা হয়েছে, ফলে সেবা প্রদান কার্যক্রমে এসেছে গতি ও শৃঙ্খলা। উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমীন সুমী বলেন, “আমার কার্যালয়টি ছিল ঝুঁকিপূর্ণ ও ব্যবহার অনুপযোগী। সংস্কার হওয়ার ফলে এখন নির্বিঘ্নে অফিস পরিচালনা করা যাচ্ছে।
এই ১১৮টি প্রকল্প বাস্তবায়নের পেছনে নিয়মিত তদারকি ও স্বচ্ছতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। তিনি বলেন, “উল্লাপাড়ার মানুষ এখন উন্নয়নের স্বাদ পাচ্ছে। তাদের মৌলিক চাহিদা পূরণে আমরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি। প্রতিটি প্রকল্প বাস্তবায়নে আমরা জনস্বার্থ ও স্বচ্ছতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। তিনি আরও বলেন,“আমি নিশ্চিত করছি, এসব প্রকল্পে কোনো ধরনের অনিয়ম হয়নি। সুষ্ঠু ও কার্যকরভাবে কাজ সম্পন্ন হয়েছে, যাতে জনগণ সরাসরি উপকৃত হয়।

