মনিরুল ইসলাম, নাটোর প্রতিনিধিঃ
নাটোরের লালপুর উপজেলার বিলমারিয়া এলাকায় ১০ বছরের এক শিশুকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। উত্তেজিত জনতার হাত থেকে সেনাবাহিনীর সহায়তায় তাকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) দুপুরে লালপুরের বিলমারিয়া গ্রামের বাসিন্দা মোঃ আলতাব হোসেন (২৬), পিতা মৃত বিল্লাল মোল্লা, একই এলাকার লামিয়া আক্তার (১০) নামের এক শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।
ঘটনার পরপরই স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করে গণপিটুনি দেওয়ার চেষ্টা চালায়। খবর পেয়ে লালপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও উত্তেজিত জনতার কারণে অভিযুক্তকে উদ্ধার করতে ব্যর্থ হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লালপুর সেনা ক্যাম্প থেকে একটি টহল দল এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে উপস্থিত হন। সেনাবাহিনীর সহায়তায় অভিযুক্তকে জনতার হাত থেকে উদ্ধার করে নিরাপদে পুলিশের হেফাজতে নেওয়া হয়।
বর্তমানে শিশুটি লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও মানসিকভাবে সে আঘাতপ্রাপ্ত।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “অভিযুক্তের বিরুদ্ধে শিশু নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা প্রক্রিয়াধীন। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে।
প্রশাসন জানিয়েছে, এ ধরনের জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

