কবি দেলোয়ার হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
পাঁচদিন নিখোঁজ থাকার পর অবশেষে মিরসরাইয়ের একটি নির্জন এলাকা থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে সাংবাদিক দিদারকে। হাত-পা বাঁধা অবস্থায় তাকে ফেলে যায় দুর্বৃত্তরা। পথচারীরা তাকে অসহায় অবস্থায় উদ্ধার করে দ্রুত মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের সহযোগিতায় তিনি বর্তমানে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনার পর পরিবার ও সাংবাদিক সমাজে স্বস্তি ফিরে এলেও দিদারের প্রতি এমন বর্বর আচরণে নিন্দা ও ক্ষোভের ঝড় উঠেছে। একই সঙ্গে ঘটনার রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ।
গতকাল সোমবার হাসপাতালে গিয়ে সাংবাদিক দিদারের শারীরিক অবস্থার খোঁজখবর নেন কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সাবেক হোমনা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আজিজুর রহমান মোল্লা। তিনি কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলেন এবং তার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
আজিজুর রহমান মোল্লা দিদারের পরিবারের সঙ্গে কথা বলে সান্ত্বনা দেন এবং বলেন, দিদারের ওপর যে নির্মমতা চালানো হয়েছে তা মানবতার ওপর আঘাত। যারা সাংবাদিকতার স্বাধীনতা ও সত্য অনুসন্ধানের পথে বাধা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন এবং দিদারের দ্রুত সুস্থতা কামনা করেন। পরিবারের সদস্যরা আজিজুর রহমান মোল্লার তাৎক্ষণিক খোঁজখবর নিতে হাসপাতালে উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দিদারের সুস্থতা এখন সবার কামনা। সেই সঙ্গে আশা করা হচ্ছে, দ্রুত এই ঘটনার নেপথ্যের ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা। সাংবাদিকতা কখনো ভীত হতে শেখেনি, দিদারের পুনরুত্থান প্রমাণ করল সত্যের পথে কোনও শৃঙ্খলই শেষ পর্যন্ত টিকতে পারে না।

