রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনে বিএনপির দলীয় ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা বিএনপি’র তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভিপি আয়নুল হক বলেছেন, “দল আমাকে ধানের শীষ দিয়েছে। এখন জনগণের ভোটে নির্বাচিত হয়ে এ আসনটির রায়গঞ্জ-তাড়াশ উপজেলার মানুষ ও দলকে উপহার দিতে হবে।”
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে প্রাথমিক দলীয় মনোনয়ন পাওয়ার পর উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সামছুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ভিপি আয়নুল হক বলেন, “বিগত সময়ে বিএনপি মনোনীত প্রার্থী ছাড়া অন্যরাও ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছেন, কিন্তু কেউই জনগণের কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে পারেননি। এখন সময় এসেছে দলীয় ঐক্যের মাধ্যমে ধানের শীষ বিজয় নিশ্চিত করার।”
তিনি আরও বলেন, “আগামী দিনের রাষ্ট্র পরিচালক তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সবাইকে মাঠে নামতে হবে। ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে জনসমর্থন গড়ে তুলতে হবে।” সংবিধান সংস্কার কমিশন, মিডিয়া কমিশন গঠন এবং তথ্য ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণের মতো ৩১ দফা পরিকল্পনার কথাও তুলে ধরেন।
এ সময় তিনি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং বিএনপি চেয়ারপার্সনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
সভায় সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

