মোঃ মিজানুর রহমান,ভোলা প্রতিনিধ:
ভোলার চরফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাশাপাশি দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ছালামত বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে আগুনের সূত্রপাত হলে ঘুমন্ত মানুষজন চিৎকারে জেগে ওঠে। প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করলেও মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের সহযোগিতায় চরফ্যাশন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টায় ভোররাতের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘর দুটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত আবদুল মান্নানের মেয়ে একাদশ শ্রেণির ছাত্রী মিসু বেগম বলেন,“আমরা সবাই গভীর ঘুমে ছিলাম। হঠাৎ ডাকচিৎকার শুনে উঠে দেখি ঘরে আগুন লেগেছে। কোনোমতে সবাই বের হয়ে আসতে পেরেছি। আরেকটু দেরি হলে হয়তো বাঁচতে পারতাম না। ঘর থেকে কিছুই বের করতে পারিনি।”
আরেক ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক বৃদ্ধ মোস্তফা বেপারী জানান,“চোখের সামনে ঘর, মালামাল সব পুড়ে ছাই হয়ে গেল। এখন শরীরে গেঞ্জি-লুঙ্গি ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই।”
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাতের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি বলেন,“ক্ষতিগ্রস্ত পরিবার দুটির পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।”

