কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় দিপন হালদার (২৬) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিখোঁজ থাকার দুই দিন পর শনিবার (১৫ নভেম্বর) দুপুরে বাড়ির পাশের খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার ভোর চারটার দিকে মাছ শিকার করতে বাড়ি থেকে বের হন দিপন হালদার। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও না পেয়ে স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েন।
শনিবার দুপুরে খালে গোসল করতে নেমে স্থানীয় কিশোর মোস্তফা (১২) পানিতে কিছু লেগে গেলে দিপনের দেহ ভেসে ওঠে। তার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে ঘটনাটি পুলিশকে জানান।
খবর পেয়ে কাঠালিয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়। তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানা না গেলেও পুলিশ বলছে, বিষয়টি রহস্যজনক। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলে। নিহত দিপন চেচরীরামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কালিশংকর এলাকার সদানন্দ হালদারের ছেলে।
কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মং চেনলা বলেন, “ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আমরা প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছি।”

