রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা
সিরাজগঞ্জের রায়গঞ্জের ভূইয়াগাতী পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আশার আলো দেখছেন স্থানীয়রা। গত কয়েক মাসে ধারাবাহিক দুর্ঘটনার প্রেক্ষিতে নবাগত জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের হস্তক্ষেপে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
জানা যায়, ঢাকা–বগুড়া মহাসড়কের ভুইয়াগাতী পল্লী বিদ্যুৎ অফিসের পাশে অপরিকল্পিতভাবে রাস্তা নির্মাণের কারণে গত ৬ মাসে প্রায় ১০ জন পথচারী নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। দুর্ঘটনা প্রতিরোধে এলাকাবাসী মানববন্ধন, প্রতিবাদ ও বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি পালন করলেও সাসেক প্রকল্প ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের তেমন উদ্যোগ দেখা যায়নি।
এ পরিস্থিতিতে মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে নবাগত জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শনে আসেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির এবং সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা।
ঘটনাস্থল ঘুরে দেখে জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, “গণমানুষের কল্যাণে সবকিছুই সম্ভব। মানুষের নিরাপত্তার জন্যই আইনের জন্ম হয়েছে।”
তিনি দ্রুত দুর্ঘটনাপ্রবণ ওই স্থানে প্রয়োজনীয় পার্শ্ব রাস্তা নির্মাণসহ নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন।
স্থানীয়দের আশা, জেলা প্রশাসকের এই উদ্যোগে দীর্ঘদিনের জনদুর্ভোগ কমে আসবে এবং সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

