রাণীনগর (নওগাঁ) থেকে মাসুদ রানা—
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলা ও গুলি করার ঘটনার প্রতিবাদে নওগাঁর রাণীনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রাণীনগর থানা বিএনপির উদ্যোগে গতকাল এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিলটি রাণীনগর উপজেলা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে রাণীনগর বিএনপির মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ওসমান হাদীর ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রাণীনগর-আত্রাই আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী শেখ রেজাউল ইসলাম, থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান বাবু, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন। এছাড়াও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উজ্জ্বল ও সদস্য সচিব বেলাল, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, ছাত্রদলের আহ্বায়ক শিমুল ও সদস্য সচিব নওশাদ হোসেন, শ্রমিক দলের নেতা টনি প্রমুখ।
এ সময় রাণীনগর উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা বলেন, রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের গণতান্ত্রিক পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তারা অবিলম্বে এ ধরনের হামলা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

