বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রাম :
চট্টগ্রামের বাঁশখালীতে ২০২৫–২৬ অর্থবছরের রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বোরো হাইব্রিড বীজ, উফশী বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত এক সভায় উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামশেদুল আলম।
ইউএনও বলেন, সরকার কৃষকদের প্রতি আন্তরিকভাবে সহায়তা দিয়ে যাচ্ছে। অন্যান্য বছরের তুলনায় চলতি মৌসুমে কৃষি প্রণোদনার পরিমাণ বাড়ানো হয়েছে। যারা বীজ ও সার পাচ্ছেন, তারা যেন সঠিকভাবে পরিচর্যা করে উৎপাদন বাড়ান।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বাঁশখালী উপজেলার ১৪টি ইউনিয়নের ৪০০ জন কৃষককে ২০ কেজি করে রাসায়নিক সার ও উফশী বীজ দেওয়া হয়েছে। পাশাপাশি ৯২০ জন কৃষককে ২ কেজি করে বোরো হাইব্রিড ধানের বীজ সহায়তা দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে বাঁশখালী পৌরসভার নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা সুরঞ্জিত রুদ্রসহ কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

