নড়াইল প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে তার পক্ষে নড়াইল-১ আসনের রিটার্নিং কর্মকর্তা ও নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালামের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্রের ফরম সংগ্রহ করেন তার ভাই কালিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বিশ্বাস আসজাদুর রহমান মিঠু।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের প্রসিকিউটর(পিপি) অ্যাডভোকেট আব্দুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মনোনয়নপত্র সংগ্রহের পর নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নির্বাচনী মাঠে নেমেছেন। জনগণের সমর্থন পেলে নড়াইল-১ আসনের সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন তিনি।
দলীয় সূত্র জানায়, নড়াইল-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে বিশ্বাস জাহাঙ্গীর আলমের মনোনয়ন কে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল কার্যক্রম চলমান রয়েছে।

